নওগাঁ প্রতিনিধি
নওগাঁ, দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় নারীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগে আন্তজেলা সিরিয়াল অপরাধী গোলাম মোরশেদ ওরফে মোরশেদ আলমকে (২৭) গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গাজীপুর মহানগরীর বাসন থানার শরীফপুর কোনাপাড়া এলাকা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীদের মাথায় ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করার একাধিক ঘটনা ঘটে। এসব হামলায় ধামইরহাটের কলেজছাত্রী উম্মে হাবিবা নিহত হন এবং আরও কয়েকজন নারী গুরুতর আহত হন। এ ঘটনায় পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ইউনিট এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে ১০ জুন গাজীপুরের বাসন থানার শরীফপুর কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ ধামইরহাটের উম্মে হাবিবা হত্যাসহ নওগাঁর বিভিন্ন এলাকায় একাধিক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, একই ধরনের অপরাধ দিনাজপুর ও জয়পুরহাট জেলাতেও সংঘটিত হয়েছে। এসব ঘটনার সঙ্গেও গ্রেপ্তারকৃত মোরশেদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত অন্তত ১৭–১৮টি হামলার তথ্য পাওয়া গেছে।
নওগাঁ জেলায় দায়ের হওয়া চারটি মামলাসহ অন্যান্য সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

