পিরোজপুর প্রতিনিধি
ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও প্রিয় দলের প্রতি ভালোবাসায় মুখর হয়ে উঠেছে পিরোজপুর শহর। আর্জেন্টিনা ও ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে শুক্রবার (১২ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা।
বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুই দলের সমর্থকরা পৃথক র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পায়ে হেঁটে এবং মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শত শত ফুটবলপ্রেমী তাদের প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা এই আয়োজনকে ঘিরে একত্রিত হন।
আর্জেন্টিনা সমর্থকদের হাতে ছিল বিশাল জাতীয় পতাকা। নীল-সাদা জার্সি পরিহিত সমর্থকরা স্লোগান, গান ও উল্লাসের মধ্য দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থকরা বলেন, “লিওনেল মেসির প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতেই আমরা একত্রিত হয়েছি। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”
অন্যদিকে হলুদ জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে ব্রাজিল সমর্থকরাও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান ও বিভিন্ন স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। তাদের উচ্ছ্বাস দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী।
বর্ণিল এই আয়োজন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সমর্থকদের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এমন আয়োজনের বিকল্প নেই।
পিরোজপুরের ফুটবলপ্রেমীদের এই প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে জেলার মানুষের আবেগ এখনও তুঙ্গে। দিনভর চলা এই আনন্দ-উল্লাস শহরজুড়ে এক ভিন্নমাত্রার উৎসবের আবহ সৃষ্টি করে।

