কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় মহিবুল্লাহকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে স্কেভেটর মেশিন ব্যবহার করে সৈকতের লেম্বুরবন (লেম্বুরচর) এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে সেই বালু ট্রাকে করে অন্যত্র পরিবহন করা হচ্ছিল।
সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলনের ছবি ও ভিডিও স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দায়ী ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রসৈকত ও উপকূলীয় পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

