নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার নির্যাতনের শিকার হাসিনা বানু (৫৪) নিজেই বাদী হয়ে মহাদেবপুর থানায় এ মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি দখল ও নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয়রা একটি মানববন্ধন করেন। ওই মানববন্ধনে ভুক্তভোগী হাসিনা বানু বক্তব্য দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। এ ঘটনার জের ধরে পরদিন সকালে প্রতিপক্ষের লোকজন হাসিনা বানুর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন করে। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী হাসিনা বানু জানান, মানববন্ধনে বক্তব্য দেওয়ার কারণে আব্দুল মতিন মণ্ডলের অনুসারীরা তাকে এভাবে নির্যাতন করেছে। এ ঘটনায় তিনি বিচার দাবি করেছেন।
অন্যদিকে অভিযুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি পক্ষ ষড়যন্ত্র করছে এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।

