নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার বারোমাসি বিলে ব্যবসায়ী শফিকুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়নুল ও আশরাফুল। তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুন) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন নওগাঁ সদর উপজেলার বারোমাসি বিলে কচুরিপানার নিচ থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে উঠে আসে, ব্যবসায়িক বিরোধ ও লোভের কারণে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা শফিকুলকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিলে ফেলে দেয় এবং পরে তার মোটরসাইকেল ও নগদ অর্থ নিয়ে যায়।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অপর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

