হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার একাডেমী মোড় থেকে দেবীনগর পর্যন্ত রাস্তার পাশে নির্মাণাধীন ২ হাজার ১শ মিটার ড্রেনের কাজ শেষ পর্যায়ে এসে থমকে গেছে। প্রায় দুই বছর আগে ৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটির অধিকাংশ কাজ সম্পন্ন হলেও শেষ অংশের প্রায় ২০০ মিটার ড্রেন নির্মাণ বর্তমানে বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট ঠিকাদার মো. জাহাঙ্গীর আলম জানান, ২ হাজার ১শ মিটার ড্রেনের মধ্যে প্রায় ১ হাজার ৯শ মিটার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে শেষ অংশে পৌরসভার জমিতে মাটি কাটার সময় স্থানীয় কিছু ব্যক্তি বাধা দেওয়ায় কাজ বন্ধ হয়ে আছে।
তিনি বলেন, “পৌরসভার মাটি কেটে ড্রেন নির্মাণের কাজ করার কথা থাকলেও স্থানীয়দের বাধার কারণে আমরা কাজ চালিয়ে যেতে পারছি না। পৌর কর্তৃপক্ষ মাটি কাটার ব্যবস্থা করে দিলে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”
ঠিকাদার আরও অভিযোগ করেন, কাজে বাধা দেওয়ার একপর্যায়ে তাদের হেড মিস্ত্রী আলমগীর হোসেনকে স্থানীয় বাদল আলীর নেতৃত্বে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
অন্যদিকে, কাজ বন্ধ থাকা অংশের পাশের বাড়ির মালিক মো. সাইদুর রহমানসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তাদের বাড়ির দেয়াল ঘেঁষে মাটি কাটার কারণে বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। এ কারণে তারা আপত্তি জানিয়েছেন।
তারা বলেন, “দেয়াল থেকে কিছুটা দূরে সরে ড্রেন নির্মাণ করা হলে আমাদের বাড়ি নিরাপদ থাকবে। আমরা উন্নয়ন কাজের বিরোধিতা করছি না, শুধু বাড়ির নিরাপত্তা চাই।”
এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি ড্রেন নির্মাণের জন্য রাস্তা থেকে কাটা মাটি বাইরে বিক্রি করার অভিযোগও তোলেন। তবে ঠিকাদার ও সংশ্লিষ্ট শ্রমিকরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তা থেকে কাটা অতিরিক্ত মাটি ড্রেনের পাশেই ভরাট করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, “আমি যোগদানের আগেই প্রকল্পটির কাজ শুরু হয়েছে। কাজ বন্ধ থাকার কোনো যৌক্তিক কারণ থাকার কথা নয়। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করে দীর্ঘদিনের এ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করবে। এতে জলাবদ্ধতা নিরসনসহ এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।

