Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে সুফলভোগীর লাগানো গাছ কাটার অভিযোগ, প্রশাসনের জব্দ অভিযান

জয়পুরহাট প্রতিনিধি
জুন ১৫, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে সরকারি রাস্তার পাশে সুফলভোগীদের লাগানো বড় ধরনের আটটি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় চাতাল ব্যবসায়ী শামসুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে পৌরশহরের মূলগ্রাম–হাটশেখা সড়কে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছের গুঁড়ি জব্দ করে এবং অভিযুক্তের ছেলেকে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্র, উপজেলা প্রশাসন ও বন বিভাগ জানায়, প্রায় ১৪–১৫ বছর আগে বন বিভাগের সহযোগিতায় রূপায়ন কৃষক সমবায় সমিতির সুফলভোগীরা সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। এসব গাছ সম্প্রতি বড় হয়ে কাটার উপযোগী হয়।

অভিযোগ রয়েছে, চাতাল ব্যবসায়ী শামসুল ইসলাম সড়কের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির পিছনে থাকা সরকারি জায়গার ওই আটটি গাছ কেটে ফেলেন এবং গাছগুলো দ্রুত ট্রাকে করে সরিয়ে নেন। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব ঘটনাস্থলে গিয়ে কিছু গাছের গুঁড়ি জব্দ করেন। অভিযুক্ত শামসুল ইসলামকে না পেয়ে তার ছেলে গোলাম রব্বানীকে উপজেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে কর্তনকৃত গাছ না সরানো এবং নতুন করে গাছ না কাটার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

রূপায়ন কৃষক সমবায় সমিতির সভাপতি রেজাউল ইসলাম বলেন, “গাছগুলো সমিতির সুফলভোগীদের। অভিযোগ ছাড়াই চাতাল ব্যবসায়ী শামসুল ইসলাম এগুলো কেটে নিয়ে গেছে। বাধা দিলেও শোনেননি।”

তিনি আরও জানান, প্রশাসন আসার আগেই অধিকাংশ গাছ ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়েছে।

কালাই বন বিভাগের বনপ্রহরী ইয়াসির আরাফাত বলেন, “সুফলভোগীদের গাছ ব্যবস্থাপনার দায়িত্ব বন বিভাগের নয়, আমরা শুধু দর নির্ধারণে সহায়তা করি। গাছ কাটার বিষয়টি জানার পরই উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

অভিযুক্ত শামসুল ইসলামের ছেলে গোলাম রব্বানী দাবি করেন, “জায়গা ও গাছ আমাদের। তাই আমরা গাছগুলো কেটেছি। পরে প্রশাসনের কাছে কাগজপত্র দেখিয়ে মুচলেকা দিয়ে চলে এসেছি।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। অভিযুক্ত পক্ষকে ডেকে মুচলেকা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।