যশোর প্রতিনিধি
যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় একটি সিআর মামলার বাদী ও বিবাদীসহ চারজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আজিজ শেখের ছেলে নিজাম শেখ, মণিরামপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মিজানুর রহমান, পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে ইরান গাজী এবং কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া।
আদালত সূত্রে জানা যায়, বুধবার মণিরামপুর উপজেলার কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে হাজিরা দিতে আসেন। একই মামলার বিবাদী হিসেবে অপর তিনজনও আদালতে উপস্থিত ছিলেন। মামলার চার্জ শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হয়ে বারান্দায় গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
ঘটনাটি বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে চারজনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ ১৫১ ধারায় তাদের আটক করে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত বাদী জাকারিয়া ও তিন বিবাদীকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বর্তমানে দণ্ডপ্রাপ্ত চারজন যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

