মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ও শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা প্রাণঘাতী রোগের অন্যতম প্রধান কারণ। তামাকের কারণে শুধু জনস্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হয় না, পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষয় এবং জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে।
বক্তারা আরও বলেন, তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে তরুণ প্রজন্মের মধ্যে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

