স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মজনু তালুকদার (২৭) এবং মোতায়ের মোল্যা (১৯)। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযান চালিয়ে রাতে ওই দুই যুবককে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মজনু তালুকদার ও মোতায়ের মোল্যা দাবি করেন, লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন শেখ তাদের বিরিয়ানি খাওয়ানোর কথা বলে অনুষ্ঠানে ডেকে নেন।
তাদের ভাষ্য অনুযায়ী, “আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানো হবে বলে আমাদের ডাকা হয়। আমরা নারানদিয়া রেলস্টেশন এলাকায় গেলে কেক কাটা হয়। পরে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরে আসি। পরদিন রাতে পুলিশ আমাদের গ্রেফতার করে।”
এদিকে অভিযোগে নাম আসা লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

