পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে ইব্রাহিম খান বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ভাগদী এলাকায় দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে রাখা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

