নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার বৃহস্পতিবার টঙ্গী জোন-১ এলাকার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি টঙ্গীর ১৫টি ওয়ার্ডে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক দুর্ভোগ লাঘবের লক্ষ্যে পানি নিষ্কাশন ড্রেনসমূহের পরিষ্কার ও সংস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই উদ্যোগের অংশ হিসেবে ৫৬ নং ওয়ার্ডে বিভিন্ন ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা, জলাবদ্ধতা হ্রাস করা এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জনসেবামূলক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণে গৃহীত কর্মসূচি সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের সেবার মান বৃদ্ধি ও নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহীত এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী লেহাজ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন এবং নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম প্রমুখ।
পরে তিনি টঙ্গীর মুদাফা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের শান্তনা জানান।

