ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত একটি দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে বোয়ালমারী পৌরসভায় অবস্থিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড পরিচালিত দাতব্য চিকিৎসা কেন্দ্রে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে প্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে রোগীদের মাঝে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ করে আসছিল। অভিযানের সময় সংরক্ষিত ও রোগীদের সরবরাহের জন্য রাখা ওষুধ পরীক্ষা করে দেখা যায়, প্রায় ৯৯ শতাংশ ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে। পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির পরিচালক ও মেডিকেল অফিসার ডা. মিহির কান্ত পাল উপস্থিত ছিলেন না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, “একটি দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠানে এভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের সরবরাহ করা অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয়। জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে মেডিকেল অফিসার ডা. মিহির কান্ত পালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডে সুপারিশ করা হবে। এছাড়া সহকারী চিকিৎসক ডা. সুনির্মল বসু এবং অফিস সহকারী প্রমিলা কর্মকারকে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

