মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ৩১ জন শিশু-কিশোর পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে। এছাড়া একই শর্ত পূরণ করায় আরও ২৬ জনকে প্রেসার কুকার উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মারিয়ালয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মারিয়ালয় গ্রামের তিনটি জামে মসজিদ এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদসহ মোট চারটি মসজিদ থেকে শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সমাজসেবক হাজী মো. সাখাওয়াত হোসেন শেখ। সভাপতিত্ব করেন মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সমাজসেবক আলহাজ বিল্লাল হোসেন কাজী। অনুষ্ঠানের উদ্বোধন করেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত সালাত আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মস্তফা সরদার, মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত থাকবে।

