কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খুব দ্রুত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণকে সচেতন করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আসিফ হায়দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক সমীর বরণ পাইক।
এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী, সাংবাদিক সোসাইটির সভাপতি মোহাম্মদ তারেকসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অংশ নেওয়া সাংবাদিকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে সমাজ থেকে গুজব ও অপতথ্য অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।

