দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আমিনুল ইসলামের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিকে বলতে শোনা যায়, সরকারি ভ্যাট-ট্যাক্স বাবদ ১৭ শতাংশ, জামানত ৫ শতাংশ, তার নিজের জন্য ১০ শতাংশ এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশসহ মোট ৩৭ শতাংশ অর্থ কেটে রাখতে হবে।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফোরকান হাওলাদার জানান, প্রায় সাড়ে ৬ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প নিয়ে পরিষদের সভায় আলোচনা চলাকালে সচিব এ কমিশনের কথা বলেন। বিষয়টি শুনে উপস্থিত ইউপি সদস্যরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আমিনুল ইসলাম বলেন, তিনি এ ধরনের কোনো কথা বলেননি। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের কমিশন নেওয়ার সুযোগ নেই। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। অভিযোগের সত্যতা নিরূপণে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

