দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ১১ লাখ ১১ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবির অধীন রামকৃষ্ণপুর বিওপির টহল দল শুক্রবার ভোর ৪টার দিকে সীমান্তবর্তী চাইডোবা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ ও ২৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।
একই দিন সকাল ১০টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠে পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৬৪৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৫০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

