বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার দাবিতে মানববন্ধন, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগ।
শুক্রবার (২৬ জুন) ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রহমতপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি নোমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আ. সালাম মাঝী এবং জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব।
এছাড়াও উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি আলতাফ হোসেন, আগরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মামুনুর রশিদ, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, উপজেলা যুব বিভাগের সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম রাব্বি।
মানববন্ধন ও র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি তরুণ প্রজন্মের জীবন ও দেশের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

