মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল (ওয়াশ) উদ্ধার এবং মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় আলোচিত মাদক কারবারি ডলি রানী ঋষিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার ভারশো ইউনিয়নের ঋষিপল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি দল ঋষিপল্লীতে অভিযান চালায়। এ সময় ডলি রানী ঋষি ও তার পলাতক স্বামী সমর সাহা ওরফে সুমনের বাড়ির আঙিনায় তল্লাশি চালিয়ে মাটির নিচে গর্তে লুকিয়ে রাখা প্রায় ৫০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। একই সঙ্গে ডলির হেফাজত থেকে মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ডলি রানী ঋষিকে শনিবার (২৭ জুন) আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

