জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি উল্টে খোকা মিয়া (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটির চালক খয়বর আলী আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের পুনট-মোসলেমগঞ্জ সড়কের আপলাপাড়া গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকা মিয়া উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের আবু কালামের ছেলে। আহত চালক খয়বর আলী পুনট বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে খোকা মিয়া পুনট কাঠালতলী বাসস্ট্যান্ড থেকে ভটভটিতে করে আপলাপাড়া গ্রামে গরু কিনতে যাচ্ছিলেন। পথে আপলাপাড়া এলাকার একটি মোড়ে সড়কে শুকনো খড় ছড়িয়ে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়। এতে খোকা মিয়া ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় চালক খয়বর আলী আহত হন।
খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
কালাই থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) দীপেন্দ্রনার্থ সিংহ বলেন, “ঘটনার বিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

