স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান বাজেট উপস্থাপন করেন।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে জেলা পরিষদের মোট বাজেট ধরা হয়েছে ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকা। এ অর্থের মধ্যে রাজস্ব আয় এবং সরকারের অনুদান থেকে অর্থ প্রাপ্তির আশা করা হচ্ছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, জেলা পরিষদের আয় বাড়াতে জেলার বিভিন্ন স্থানে বেদখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার, পুকুর খনন এবং নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া উপজেলা ও বড়দিয়ায় আধুনিক মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এসব সম্পদের আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

