Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালে ট্রাকচাপায় নিহত অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে জন্ম নেওয়া শিশু ফাতেমার পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, ঘরের জন্য টিন ও মুদি দোকানের মালামাল প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামে গিয়ে ফাতেমার নিহত বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন। পরে তিনি ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুলের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দুর্ঘটনার পর থেকেই তাদের পরিবার নিয়মিত সহায়তা পেয়ে আসছে। তিনি এ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ফাতেমা বর্তমানে ঢাকার আজিমপুর ছোট্টমণি নিবাসে সরকারি তত্ত্বাবধানে রয়েছে এবং পরিবারের সদস্যরা প্রতি মাসে গিয়ে তার খোঁজ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণ, তাদের বাড়িতে যাওয়ার রাস্তা পাকাকরণ এবং রাস্তার নাম ফাতেমার নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ উপহার প্রদান করা হয়েছে। তিনি জানান, ফাতেমার আরও দুই ভাই-বোনের লেখাপড়ার ব্যবস্থা এবং পরিবারের চলাচলের রাস্তা দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া একটি ট্রাকের চাপায় দিনমজুর জাহাঙ্গীর আলম, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম ও তাদের কন্যা সানজিদা নিহত হন। দুর্ঘটনায় রত্না বেগমের পেট ফেটে জন্ম নেয় নবজাতক ফাতেমা। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।