বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাটে অবস্থিত মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ, সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে ৪০০ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের পাঠদান ও পরিচর্যা করে আসছেন।
তিনি বলেন, বিদ্যালয়টি এখনো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

