Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুৎ কর্মী লাঞ্ছিত, থানায় মামলা

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে খালিয়াজুরী থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুন বিকেল প্রায় ৪টার দিকে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মো. আফসার আলী, মো. সবুজ ও মো. শাহীন দাপ্তরিক দায়িত্ব পালনকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের মুকিমপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায় এবং নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা তাদের কাজে বাধা দিয়ে দুর্ব্যবহার ও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় উপজেলার মুকিমপুর গ্রামের সুজন তাং (২৭), মঞ্জু তাং (৭০), হাবুল তাং (৪০), সুমন তাং (২৮), সুকেশ তাং (৩৫), শ্যামল তাং (৩২) ও অজিত তাং (৩০)-সহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় এক কর্মচারীর ব্যবহৃত প্রায় ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া অভিযানে আদায় করা প্রায় ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। ঘটনায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

তবে অভিযুক্ত সুজন তাং অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমি হাওড়ে হাঁস পালন করি। বিকেলে বাড়িতে এসে বিষয়টি জানতে পারি। মামলা হওয়ার পর বিদ্যুৎ বিভাগের লোকজন আমাদের সবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।”

খালিয়াজুরী সাব-জোনাল অফিসের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, “লেপসিয়া অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া বিদ্যুৎ বিল আদায় করছিলেন। দিনের শেষ দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।”

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা (নং-১২/০৬) গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।