নাদিম হায়দার,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব কোলা গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস মোল্লা হত্যার বিচার এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ছাতিয়ানতলী এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহস্রাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলার কোলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে এখনও দুজন পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “এ ঘটনায় জড়িত মূল দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

