স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামের একটি বিল থেকে নাজমুল শরীফ (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল শরীফ বাবরা গ্রামের মৃত মকলেছ শরীফের ছেলে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বিলে যান নাজমুল শরীফ। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের মধ্যে কাটা ঘাসের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, হাসপাতাল থেকে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

