বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামকে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১ জুলাই) দুপুরে উজান কলকিহারা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোরহাব হোসেন, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন এবং ইউনিয়ন কৃষক দল নেতা অছিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রায় ২৫ বছর ধরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রাম ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার। গত কয়েক বছরে গ্রামের সড়ক, বিভিন্ন স্থাপনা, বসতভিটাসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। চলতি বর্ষা মৌসুমে আবারও ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
তাদের দাবি, দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নেওয়া হলে চলতি বছরেই পুরো উজান কলকিহারা গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধন থেকে গ্রামবাসী প্রধানমন্ত্রী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

