শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন, বাগেরহাট জেলার অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান হাবিব ঠান্ডু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ। তিনি পার্টনার প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী ও মাঠ পর্যায়ের কৃষি উপসহকারীরা অংশ নেন। অনুষ্ঠানে সফল কৃষকরা তাদের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। এছাড়া টেকসই কৃষি উন্নয়ন, বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

