ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে শ্রীফলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ খোরশেদ আলমের (৬৫) বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। হঠাৎ ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত খোরশেদ আলম বলেন, “সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে সংসার গড়েছিলাম। ঘরে কিছু নগদ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ সংসারের প্রায় সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখেছি। এমন ক্ষতি কখনো কল্পনাও করিনি।”
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরের অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ ছাড়াও আলমারি, টেলিভিশন, ফ্রিজ, খাট, পালং, আলনা, কাপড়চোপড়, চাল-ডাল, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বই-পুস্তকসহ সংসারের প্রায় সব মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

