আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় র্যাবের অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩৪২ কেজি অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুড়াখারাটি গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদের নেতৃত্বে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানের খবর পেয়ে অভিযুক্ত দুই ব্যবসায়ী পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে ৬১ ক্যারেট অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত চিংড়িগুলো রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়। এরপর সেগুলোতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ জানায়, জব্দকৃত চিংড়ির ওজন প্রায় ১ হাজার ৩৪২ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক ১৩ থেকে ১৪ লাখ টাকা। এ ঘটনায় পলাতক দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

