মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১১ লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
বুধবার (১ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের মোবারকদি শাখা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল একটি সন্দেহভাজন মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ম-১২-৫৫১৫) আটক করে। পরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করা হয়।
তল্লাশিতে ৫০/৫০ ব্র্যান্ডের ১০৫ কার্টন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টনসহ মোট ১১০ কার্টনে থাকা ১১ লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট উদ্ধার করা হয়। প্যাকেটের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
গ্রেফতাররা হলেন— কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা ও একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা সোহেল রানা ওরফে বুলবুল আহম্মেদ (৪৫)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট বাজারজাতের মাধ্যমে সরকারের প্রায় ৫৪ লাখ ১২ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এসব সিগারেট পরিবহন করছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ।

