স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল জেলায় গ্রামীণ সড়কের প্রায় ৬০ শতাংশই এখনও কাঁচা। ফলে বর্ষা মৌসুম এলেই জেলার তিন উপজেলার হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কাদার কারণে অনেক এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, কৃষিপণ্য বাজারে নিতে এবং অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছাতে ভোগান্তির শেষ থাকে না।
সদর উপজেলার নিরালী থেকে দেবভোগ গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা থাকায় কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকদের মাঠ থেকে ফসল ঘরে তুলতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি জরুরি রোগীদের অনেক সময় কাঁধে করে হাসপাতালে নিতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় মোট ১ হাজার ৪৪৭টি গ্রামীণ সড়কের দৈর্ঘ্য ৩ হাজার ২২৫ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই কাঁচা। সদর উপজেলায় ১ হাজার ১৮১ কিলোমিটার সড়কের মধ্যে ৭৩৮ কিলোমিটার, লোহাগড়া উপজেলায় ১ হাজার ১৯৯ কিলোমিটারের মধ্যে ৭৮৯ কিলোমিটার এবং কালিয়া উপজেলায় ৭৪৫ কিলোমিটারের মধ্যে ৪৩৩ কিলোমিটার সড়ক এখনও কাঁচা।
এছাড়া নতুন সড়ক তালিকায় (গেজেট) অন্তর্ভুক্তির জন্য ৯৪৬ কিলোমিটার দীর্ঘ ১ হাজার ১০০টি কাঁচা সড়কের তালিকা পাঠানো হয়েছে। আরও ২১৪টি কাঁচা সড়ক, যার মোট দৈর্ঘ্য ২৮৪ কিলোমিটার, তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে।
নিরালী গ্রামের বাসিন্দা অলোক বিশ্বাস বলেন, “জন্মের পর থেকেই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছি। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা পান চাষের ওপর নির্ভরশীল। কিন্তু ভালো রাস্তা না থাকায় মাথায় করে পান বাজারে নিতে হয়। বহুবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও কোনো সুফল পাইনি।”
দেবভোগ গ্রামের আলামিন শিকদার বলেন, “ছয় কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি বহুদিনের। ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও পরে আর কেউ খোঁজ নেয় না। শিক্ষার্থীদেরও প্রতিদিন কাদা মাড়িয়ে স্কুল-কলেজে যেতে হয়।”
পানতিতা গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী পপি রায় জানায়, “বৃষ্টি হলে কাদায় স্কুল ড্রেস নষ্ট হয়ে যায়। অনেক সময় স্কুলে না গিয়ে বাড়ি ফিরে আসতে হয়।”
নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বৃহস্পতিবার (২ জুলাই) বলেন, “জেলার প্রায় ৬০ শতাংশ গ্রামীণ সড়ক এখনও কাঁচা। নতুন অর্থবছরে কয়েকটি প্রকল্পের মাধ্যমে এসব সড়কের সংস্কার ও উন্নয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

