বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
আটকরা হলেন বকশীগঞ্জ উপজেলার দত্তের চর গ্রামের জামরুজ আলীর ছেলে হাসানুজ্জামান (২৮), উঠানোরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মিনাল মিয়া (২৫) এবং বাট্টাজোড় নতুন বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হোসাইন সরকার।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই তিনজনকে আটক করা হয়।
একই রাতে রৌমারী উপজেলার ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

