Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, সুন্দরবন ও উপকূলে শত শত ফিশিংবোটের নিরাপদ আশ্রয়

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ৩, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রবল বাতাসে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ ধরতে যাওয়া শত শত ফিশিংবোট নিরাপদ আশ্রয়ের সন্ধানে সুন্দরবন ও উপকূলীয় বিভিন্ন এলাকায় ফিরে এসেছে। দীর্ঘ ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে সাগরে নামার পরই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছেন জেলেরা।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সুন্দরবনের দুবলার ভেদাখালী খাল থেকে মোবাইল ফোনে ফিশিংবোটের মাঝি নজরুল ইসলাম জানান, গত দুই দিন ধরে সাগরে প্রবল পূর্বালী বাতাস ও বড় বড় ঢেউয়ের কারণে মাছ ধরা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটগুলো সুন্দরবনের মেহেরআলী, আলোরকোল, ভেদাখালীসহ বিভিন্ন খাল এবং উপকূলীয় এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে।

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বর্তমানে বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফলে কয়েকশ ফিশিংবোট রায়েন্দা, মহিপুর, কুয়াকাটা, পাথরঘাটা, নিদ্রাসখিনা এবং সুন্দরবনের বিভিন্ন খাল ও নিরাপদ স্থানে অবস্থান করছে। তিনি বলেন, ৫৮ দিনের অবরোধ শেষে বিপুল অর্থ ব্যয় করে সাগরে গেলেও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা আবারও ক্ষতির মুখে পড়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে অবস্থান করা সম্ভব না হওয়ায় অসংখ্য ফিশিংবোট সুন্দরবনের বিভিন্ন খাল এবং উপকূলীয় এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে। বন বিভাগের পক্ষ থেকে তাদের নিরাপদে অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় নজরদারি রাখা হচ্ছে।

এদিকে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জেলেরা সাগরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।