স্টাফ রিপোর্টার,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলায় চলন্ত ভ্যান উল্টে খালে পড়ে পানিতে ডুবে মো. আল-আমিন শরিফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার পরানপুর এলাকার চিংগড়ী সীমান্তে খোকন ফকিরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন শরিফ উপজেলার কুনিয়া গ্রামের মিজান শরিফের ছেলে।
নিহতের চাচা নাদিম শরিফ জানান, শুক্রবার সকালে আল-আমিন তার বাবা-মায়ের সঙ্গে পরানপুরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বিকেলে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি পাশের খালে উল্টে পড়ে। এ সময় আল-আমিন পানিতে ডুবে যায়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ শাহরিয়ার তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

