Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টিকটকে মন্তব্যকে কেন্দ্র করে নড়াইলে সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ৪, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে মন্তব্য (কমেন্ট) করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রতডাঙ্গা গ্রামের মল্লিকপাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজান ফকিরের মধ্যে বেশ কিছুদিন ধরে টিকটকে মন্তব্য করা নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এ বিরোধ বাস্তবে রূপ নেয়।

শুক্রবার বিকেলে এ বিষয় নিয়ে আশরাফুল ও মিজান ফকিরের মধ্যে কথা-কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে মন্নু মোল্যা, তামিম মোল্যা, নাহিদ ফকির, কালু মোল্যা, মিরাজুল ফকির ও আহাদুল হাসানের নাম জানা গেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মন্নু মোল্যা বলেন, “আমার ছেলে আশরাফুল মোবাইল ফোনে কী লেখালেখি করেছে তা আমি জানি না। বিকেলে মিজান ফকির তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।