Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিনের জট কাটল, মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশনের জমির দখল নিল প্রশাসন

মাদারীপুর প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারিত জমির সরকারি দখল নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৪ জুলাই) সকাল থেকে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জমি পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় মাদারীপুর পৌরসভায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারণ করা হলেও স্থানীয় কিছু ব্যক্তির দখলে থাকায় দীর্ঘদিন ধরে নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছিল না।

জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে গত ৩ জুন ব্রাহ্মন্দী এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী অংশ নেন। সভায় প্রকল্পের গুরুত্ব তুলে ধরে দ্রুত জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার জেলা প্রশাসনের সার্ভেয়ার আমিন, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করেন। এতে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা প্রকল্প বাস্তবায়নের প্রধান বাধা দূর হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদারীপুর পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক ও পরিবেশবান্ধব হবে এবং জনস্বাস্থ্য ও নগর পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।