মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে যশোরের মনিরামপুরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে আয়োজিত গণমিছিলটি মনিরামপুর পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের একটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
মনিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন তিনি নিজেই।
পথসভায় প্রধান অতিথি সহ হিসেবে বক্তব্য দেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, খেলাফত মজলিসের নেতা মাওলানা তবিবুর রহমান, এনসিপি নেতা এবি আহাদ হোসাইন, জামায়াত নেতা এইচ এম শামিম এবং মাওলানা সেলিম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতারা।
বক্তারা জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

