মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিষ প্রয়োগ করে এক বীর মুক্তিযোদ্ধার তিনটি মাছের ঘেরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার বুড়ি গাংনী এলাকার দুই পরিবারের বিরোধকে কেন্দ্র করে বুড়ি গাংনী সংলগ্ন রূপসা উপজেলার শিয়ালী মৌজায় অবস্থিত তিনটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি ও বীর মুক্তিযোদ্ধা চান মিয়া ফকির জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুলাল ফকির ও লিটন ফকিরের সঙ্গে তাদের বিরোধ চলছে। এর আগে প্রতিপক্ষ তার একটি ঘেরের পাড় কেটে দেয় বলে অভিযোগ করেন তিনি। ওই ঘটনায় শিয়ালী পুলিশ ক্যাম্পে অভিযোগ এবং জমি দখলের চেষ্টা ঠেকাতে আদালতে ১৪৪ ধারায় মামলাও করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলার পর থেকেই প্রতিপক্ষ বিভিন্ন সময় ঘেরের মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার জুমার নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন ঘেরের পানিতে মাছ অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। পরে স্থানীয়দের সহায়তায় মাছ তুলে দেখা যায়, তিনটি ঘেরের বিপুল পরিমাণ মাছ মারা গেছে। তার ধারণা, ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে।
চান মিয়া ফকিরের অভিযোগ, এতে তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তার স্বজনরাও একই অভিযোগ তুলে বিচার দাবি করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুলাল ফকির। তিনি বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও মাছের ঘেরে বিষ প্রয়োগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। একইভাবে লিটন ফকিরও অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

