ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে নাসিরুল বিশ্বাস (৪৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহতও হন।
রোববার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের বাহিরচর ষোলদাগ গ্রামের বাসিন্দা। তিনি বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ব্যবসায়িক কাজে হার্ডিঞ্জ ব্রিজ এলাকার বালুঘাটে গেলে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে একটি গুলি তাঁর পিঠে বিদ্ধ হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়েও তাঁর পায়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, অস্ত্রোপচারের মাধ্যমে নাসিরুল বিশ্বাসের পিঠ থেকে একটি গুলি অপসারণ করা হয়েছে। তাঁর পায়েও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, নাসিরুল বিশ্বাস দলের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় তাঁর বালু ব্যবসা রয়েছে। ব্যবসার কাজে সেখানে গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে গুলি করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালু ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী সাতজন ছিল। তাদের মধ্যে ছয়জন মুখোশধারী ছিলেন। একজনের মুখ খোলা থাকলেও প্রত্যক্ষদর্শীরা কাউকে শনাক্ত করতে পারেননি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে খুঁটিবগাড়ি বালুমহালকে কেন্দ্র করে বিরোধের তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

