দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে সীমান্তবর্তী ডিগ্রীচর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন উদয়নগর বিওপির একটি টহল দল সকাল ৯টা ২০ মিনিটে ডিগ্রীচর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

