ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার, চারা ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার স্বাগত বক্তব্যে বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরে উফশী রোপা আমনের জন্য ১ হাজার ৮০০ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য ২৩০ জন, বৃক্ষরোপণ কর্মসূচিতে ৪০০ জনসহ মোট ২ হাজার ৫০৬ জন কৃষক এ সুবিধা পাচ্ছেন। পেঁয়াজ সংরক্ষণের জন্য এবার প্রথমবারের মতো ছয়জন কৃষককে আধুনিক এয়ার ফ্লো মেশিন দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার কৃষকের দোরগোড়ায় উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ পৌঁছে দিচ্ছে, যাতে কোনো জমি অনাবাদী না থাকে। এ প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উফশী রোপা আমনের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, লেবুর চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ডিএপি ও এমওপি সার, জৈব সার, বালাইনাশক এবং বৃক্ষরোপণের জন্য চারা বিতরণ করা হয়। এছাড়া ছয়জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণের জন্য একটি করে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে যেকোনো সমস্যায় কৃষি অফিসের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

