নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের এক নারী শিক্ষককে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সহকারী শিক্ষক (গণিত) জিয়াউল হক জিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই বিদ্যালয়ের এক নারী শিক্ষক অভিযোগ করেন, প্রায় এক বছর ধরে বিভিন্ন অজুহাতে সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অভিযুক্ত শিক্ষক নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তবে এরপরও তিনি একই ধরনের আচরণ অব্যাহত রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১০ জুন নবম শ্রেণির ক্লাসে যাওয়ার সময় বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলার বারান্দায় শিক্ষার্থীদের সামনে ওই শিক্ষিকার পথরোধ করে তাকে হেনস্তা করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
এছাড়া, ১৭ জুন বিদ্যালয়ের সামনে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষিকাকে জুতা দিয়ে মারার চেষ্টা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। অন্য শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাগুলো এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসী জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে চলে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ বলেন, নারী শিক্ষক থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত শিক্ষক আদালতে জামিন আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

