জুলফিকার বাবলু,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে সাপের দংশনে রমিছা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নিহতের স্বজনদের মধ্যে উত্তেজনা এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী চাঁন মিয়ার স্ত্রী রমিছা বেগমকে সোমবার দিবাগত রাতে সাপে দংশন করলে স্বজনরা তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি মারা যান।
নিহতের স্বজনদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক শুরুতে রোগীকে সাপে নয়, চিকায় (টিকটিকি সদৃশ প্রাণী) কামড় দিয়েছে বলে মন্তব্য করেন এবং যথাযথ চিকিৎসা না দেওয়ায় রমিছা বেগমের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুললে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. আজিজ আহমেদ বিলাসকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

