বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নবীনাবাদ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. রবি আলম (২০) এবং একই এলাকার আহসান হাবিবের ছেলে মো. জসিম উদ্দিনকে (৩৩) আটক করা হয়।
পুলিশ জানায়, নবীনাবাদ ফেরিঘাট এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল আমীন বলেন, “আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবার ও মাদক সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

