Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার স্বামী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গৃহবধূ আছমা আক্তার (২৬) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামী মুহাসিন মাতুব্বরকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

গ্রেপ্তার মুহাসিন মাতুব্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

পিবিআই সূত্র জানায়, টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের পূর্ব বালিগাঁও এলাকায় বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম শেখের বাড়িতে ভাড়া থাকতেন আছমা, তার স্বামী মুহাসিন এবং তাদের চার বছর বয়সী কন্যা। প্রায় চার মাস ধরে তারা সেখানে বসবাস করছিলেন।

তদন্তে জানা যায়, আছমার পূর্বে দুটি বিয়ে হয়েছিল। বিষয়টি স্বামীর কাছে গোপন রাখাকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার আগের রাতেও এশার নামাজের পর একটি পুরোনো জামা পরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী তাকে মারধর করেন এবং তার কাপড় ছিঁড়ে ফেলেন বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআই জানায়, গত ৬ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নাস্তা প্রস্তুত না থাকাকে কেন্দ্র করে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। এ সময় আছমা মাথাব্যথার কথা জানালে মুহাসিন তাকে পূর্বের বিয়ে নিয়ে কটূক্তি ও গালিগালাজ করেন। সকাল ১১টা ১০ মিনিটের দিকে তিনি আছমাকে মারধর করে গলায় চেপে ধরেন। ধাক্কা খেয়ে আছমা কাঠের পাটাতনের ওপর পড়ে গুরুতর আঘাত পান। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর উদ্দেশ্যে তার গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে মরদেহ খাটে শুইয়ে রেখে চার বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদার বাদী হয়ে ৭ জুলাই টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ এবং ছায়া তদন্ত শুরু করে। পরে পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে।

পিবিআই প্রধানের নির্দেশনায় এবং মুন্সীগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ জুলাই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা থেকে মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।