নোয়াখালী প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় এবং রেফারিং নিয়ে আপত্তি তুলে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক তরুণ। একই সঙ্গে তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম মডেল থানায় এ অভিযোগ নিয়ে যান। তিনি নিজেকে একজন সাধারণ ফুটবল সমর্থক হিসেবে পরিচয় দিয়ে অভিযোগে ফিফা সভাপতি, ম্যাচ রেফারিসহ আরও ১৫-২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।
অভিযোগে রাকিব দাবি করেন, ৭ জুলাই রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে শুরু থেকেই রেফারি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, মিসরের একটি বৈধ গোল বাতিল করা হয়, আর্জেন্টিনাকে অন্যায্যভাবে পেনাল্টি দেওয়া হয় এবং মিসরের খেলোয়াড় ও কোচকে অযৌক্তিকভাবে কার্ড দেখানো হয়। এসব কারণে তার প্রিয় দল পরাজিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, এ ঘটনায় তিনি ও অসংখ্য মিসর সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ফিফার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় এবং অভিযুক্তদের আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের দাবি জানান।
রাকিব বলেন, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হবেন। পাশাপাশি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তরুণটি লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে অভিযোগটির বিষয়বস্তু পুলিশের এখতিয়ারের মধ্যে না থাকায় মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বিষয়টি তাকে বুঝিয়ে বলার পর তিনি অভিযোগ নিয়ে চলে যান।

