নরসিংদী প্রতিনিধি
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদীতে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশু একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

