ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা অংশে পদ্মা সেতু-সংযুক্ত এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড (ফুটপাত) দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও আগাছায় ভরে থাকায় পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। ফুটপাত ব্যবহার করতে না পেরে অনেকেই বাধ্য হয়ে মূল মহাসড়ক দিয়ে চলাচল করছেন, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে সার্ভিস রোড ও ফুটপাতের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। বিশেষ করে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার প্রায় ১০ কিলোমিটারজুড়ে ফুটপাতের ওপর আগাছা, ঝোপঝাড় এবং ময়লা-আবর্জনা জমে থাকায় পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এলাকার ভ্যানচালক মনি বলেন, “এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে সার্ভিস রোডের কোনো সংস্কার বা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চোখে পড়েনি। দুই পাশের ফুটপাত আগাছায় ভরে গেছে। তাই বাধ্য হয়ে মূল মহাসড়ক দিয়ে চলাচল করতে হয়, এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।”
অটোরিকশাচালক কামাল বলেন, “ফুটপাত ও সার্ভিস রোড পরিষ্কার থাকলে নিরাপদে চলাচল করা যেত। এখন সবসময় ভয় নিয়ে গাড়ি চালাতে হয়।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে থেকে প্রতিদিন বিপুল পরিমাণ টোল আদায় হলেও সার্ভিস রোডের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেই। তারা দ্রুত ফুটপাত পরিষ্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান।
এ বিষয়ে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু দেব বলেন, “ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওই অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফরিদপুর সড়ক বিভাগের নয়। এটি মুন্সীগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন। বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে।”

