Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাদান নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ৯, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

দেশব্যাপী শিক্ষার গুণগত মানোন্নয়নে মডেল টিচিং পদ্ধতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাদান নিশ্চিত করতে না পারলে উচ্চশিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়বে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে ‘ডেভেলপমেন্ট অব আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

উপাচার্য বলেন, শ্রেণিকক্ষের পাঠদানকে যুগোপযোগী ও আনন্দময় করতে বিদ্যমান শিক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান অংশীদার হওয়ায় এ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও তাদেরই। শিক্ষার্থীদের কর্মদক্ষ, যোগ্য ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে আধুনিক শিক্ষাক্রম বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালুর মাধ্যমে শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে সহায়তা করা সম্ভব হবে।

প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। এজন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হয়ে ওঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং কারিকুলাম বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ওবিই কারিকুলামের প্রণয়ন, বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।